গাজীপুরে গরু চোরের উপদ্রব

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:৩৬ এএম

গাজীপুর নগরের পুবাইলের বিভিন্ন স্থানে প্রায় প্রতি রাতেই এলাকাবাসীর গরু চুরি হচ্ছে। এরই মধ্যে চোর ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গৃহকর্তা। নগরীর কুদাব ও চামুড্ডা গ্রামের তিনটি বাড়ি থেকে গত তিন দিনে আটটি গরু চুরি হয়েছে। এতে স্থানীয়রা চিন্তিত হয়ে পড়েছেন।

গত ১৭ এপ্রিল গভীর রাতে পুবাইল এলাকার কুদাব গ্রামের আবদুল বাতেন কাজীর গোয়াল থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায়। গভীর রাতে গরু চোরেরা দরজা ভেঙে গোয়ালে ঢোকে। টের পেয়ে বাতেন এগিয়ে এলে চোরেরা রড দিয়ে পিটিয়ে তাকে কক্ষে আটকে রেখে পাশের রাস্তায় থাকা ট্রাকে ওই পাঁচটি গরু তুলে নিয়ে পালিয়ে যায়।

গত ১৬ এপ্রিল চামুড্ডা গ্রামের মুল্লুকের গোয়াল থেকে একটি, একই গ্রামের আমেনা বেগমের গোয়াল থেকে দুটি গরু চুরি হয়েছে। সম্প্রতি পদ-হারবাইদ এলাকার ভূঁইয়া বাড়ির বাবলু ভূঁইয়ার তিনটি, করমতলা এলাকার স্বপন মিয়ার দুটি, একই এলাকার সহর আলীর দুটি গরু গোয়াল থেকে রাতে চুরি হয়েছে। এছাড়া ইছালি, ডেমরপাড়া, বিল্লাসারা, ভাদুন, খিলগাঁও, বিন্দান, মারুকা, হায়দরাবাদ ও মেঘডুবিসহ পুবাইলের বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনায় অনেকে সর্বস্বান্ত হয়েছেন।

গত ১৮ এপ্রিল পুবাইল কলেজ গেট ও করমতলা এলাকায় মধ্যরাতে সন্দেহভাজন ১০-১২ জন ট্রাকে করে এসে ঘোরাফেরা করছিল। স্থানীয়রা টের পেয়ে আশপাশের মসজিদের মাইকে মানুষকে সতর্ক করলে তারা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। কুদাব গ্রামের বাতেন কাজী ও পদ-হারবাইদ গ্রামের বাবলু ভূঁইয়ার গরু চুরির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানায় মামলা হয়েছে। পুবাইলের কৃষকরা রাতে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে পুবাইল থানার ওসি নাজমুল হক জানান, এলাকার গরু চুরি রোধ করতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। গরু চুরির ঘটনাগুলো পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত