খুনি মোসলেহ উদ্দিনের গ্রেপ্তারের খবর ভারতে

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৪:১৭ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক পলাতক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিন ভারতে গ্রেপ্তার হয়েছে বলে খবর এসেছে দেশটির সংবাদমাধ্যমে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে ছয় আসামি দীর্ঘদিন ধরে পলাতক তাদের মধ্যে মোসলেহ উদ্দিন একজন। ওই ছয়জনের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ (৭২) এপ্রিলের প্রথম সপ্তাহে গ্রেপ্তার হওয়ার পর গত ১১ এপ্রিল মধ্যরাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। মাজেদ পরিচয় গোপন করে ২০ বছরের বেশি সময় কলকাতায় পালিয়ে ছিল। তার মতো মোসলেহ উদ্দিনও ভারতে পালিয়ে ছিল এবং উত্তর ২৪ পরগনা থেকে তাকে আটক করা হয়ে থাকতে পারে বলে খবর দিয়েছে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার। গতকাল সোমবার ‘মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে?’ শিরোনামে এ খবর জানায় আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, আবদুল মাজেদের মতো পরিচয় ভাঁড়িয়ে শেখ মুজিবের আর এক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দা সূত্রের। মাজেদকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন বলে ওই সূত্রের দাবি। ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিন নামে এই সাবেক সেনা অফিসারকে উত্তর ২৪ পরগনায় তার ডেরা থেকে আটক করা গিয়েছে বলেও সূত্রের দাবি। আবার অন্য একটি সূত্রের খবর, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু-সংবাদ ছড়িয়ে গা-ঢাকা দিয়েছে মোসলেহ উদ্দিন।

ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের অবশ্য দাবি, লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়। ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনো একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মোসলেহ উদ্দিন। সে-ও ফেরার হওয়া ফাঁসির আসামি। ১৯৭৫-এর ১৫ আগস্ট মুজিবের বাড়িতে হানা দেওয়া দলটির সামনের সারিতে ছিল মোসলেহ উদ্দিন। অনেকের দাবি, মোসলেহ উদ্দিনই গুলি করে হত্যা করেছিল মুজিবকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত