শরীয়তপুরের ডামুড্যা ও নড়িয়া উপজেলায় নতুন করে এক নারীসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।
তিনি জানান, ডামুড্যায় উপজেলায় দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ওই ব্যক্তিরা বেশ কয়েক দিন আগে ঢাকা থেকে এসেছেন। আর নড়িয়া উপজেলার এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। আর নড়িয়া উপজেলার এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ জানান, গত ১৭ এপ্রিল ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি এলাকায় এক গৃহবধূর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল।
তাই ১৮ এপ্রিল সেই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের মধ্যে গৃহবধূর স্বামী ও তার মা দুইজনের বুধবার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাই তাদের ঘরসহ আশপাশের ৪০টি ঘরের ৩০টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্তদের পরিবারগুলোকে সম্পন্ন আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নড়িয়া উপজেলার এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ওই ব্যাক্তি গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ বেড়াতে যান । তিনি ৯ এপ্রিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজিকান্দি নিজ এলাকায় ফিরেছেন। ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ২২ এপ্রিল ওই যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
তাই তার পরিবারসহ আশপাশের ৩৮টি ঘরকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন স্থানীয় প্রশাসন। আক্রান্ত পরিবারকে সম্পন্ন আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।
