যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, ‘নতুন করে প্রাদুর্ভাব শুরু হলে প্রথম ধাপের চেয়েও সেটি মারাত্মক হবে।’ গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। এদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রেডফিল্ড বলেন, ‘বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আগামী শীতে সেটি আরও বিপজ্জনক হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ করোনার সঙ্গে যুক্ত হবে মৌসুমি ফ্লু। আর সেটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করবে।’
যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের সিদ্ধান্তে দেশবাসীকে সতর্ক করলেন সিডিসিপ্রধান। তিনি বলেন, করোনার বিস্তার ঠেকাতে শারীরিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সবাইকে সেটি বজায় রাখতে হবে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরও বেশি তৎপর হতে হবে।
