মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গতকাল বুধবার মালদ্বীপের প্রেসিডেন্ট বেলা ১১টায় টেলিফোন করে করোনাভাইরাস মোকাবিলায় তার দেশে ত্রাণ হিসেবে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রায় ১০ মিনিটের টেলিফোন আলাপে মালদ্বীপের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে বিদ্যমান এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, বন্ধুরাষ্ট্র ও প্রতিবেশী দেশের যেকোনো প্রয়োজনে বাংলাদেশের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে মালদ্বীপের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ করেনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে ১০০ টন খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠায়।
