চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চিকিৎসকসহ ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৩ জন বাকি একজন লক্ষীপুরের বাসিন্দা।
বুধবার রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার বিআইটিআইডিতে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চারজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে চট্টগ্রামের তিনজন এবং একজন লক্ষীপুরের বাসিন্দা রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়ায় তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার চিকিৎসক রয়েছে। তার বয়স ২৯ বছর। তিনি ফটিকছড়ির উপজেলার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নগরীর লালখান বাজার এবং বালুছড়া এলাকার ৪২ বছর বয়সী দুইজন পুরুষও রয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, এই পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়ে মোট ৭ জন রোগী বাড়ি ফিরেছেন। এদের মধ্যে বুধবারই পাঁচজন রোগী জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এর আগে ২০ এপ্রিল সুস্থ হয়ে ফিরেছিলেন ২ জন।
প্রসঙ্গত, ২৬ মার্চ থেকে ২২ এপ্রিল বুধবার পর্যন্ত চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট ১৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের করোনা পজিটিভ পাওয়া গেছে ৭৯ জনের। আর চট্টগ্রাম জেলার পজিটিভ রোগী ৪৩ জন।
