কলারোয়ায় কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৭:৩৬ পিএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী পাইকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে তুষার জনি (২০)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ২য় বর্ষের ছাত্র পাইকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে তুষার জনি (২০)-এর সাথে স্থানীয় কামরুজ্জামানের স্কুল পড়ুয়া মেয়ের সখ্যতা গড়ে ওঠে।

এ ঘটনায় বুধবার রাতে কামরুজ্জামান ও তার ভাই ওয়াহিদুজ্জামান কৌশলে মেয়েকে দিয়ে জনিকে ফোন দিয়ে বাড়িতে ডেকে এনে বেদম পেটায়। পিটুনিতে জনি জ্ঞান হারালে মৃত ভেবে বাইরে ফেলে রেখে দেয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় তুষার।

ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, এ ঘটনায় কামরুজ্জামানের বাবা রিয়াজ উদ্দিন, স্ত্রী আসমা খাতুন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ। জনির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, মেধাবী ছাত্র জনিকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত