রাজধানীতে বৃহস্পতিবার বিকেলে হানা দিয়েছে কালবৈশাখী। বিকাল চারটার দিকে প্রায় আধাঘণ্টা সময় নিয়ে রাজধানীর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়।
এ সময় হঠাৎ কালো হয়ে যায় রাজধানীর আকাশ। বিকেলেই যেন নেমে আসে সন্ধ্যা। চিরচেনা ব্যস্ত ঢাকার সড়কগুলো ছিল ফাঁকা। ছিল না যানবাহনের চাপ। অল্প কিছু গাড়িকে এ সময় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও।
আবহাওয়া দপ্তর জানায়, রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ছিল বিকেল চারটা। সেই সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার।
তারা জানায়, শুধু ঢাকা নয়, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, এরপর কুমিল্লার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী।
আবহাওয়া অফিস জানায়, শুক্র এবং শনিবারও কালবৈশাখী বয়ে যাবে দেশের বিভিন্ন জায়গায়।
