পঞ্চগড়ে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করে নতুন এই রোগী শনাক্ত হয়। এর আগে জেলায় মোট দুই জন নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। আগের দুই জনসহ জেলায় মোট তিন জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
নতুন শনাক্ত হওয়া যুবকের বয়স ১৯ বছর। সে বোদা উপজেলার সাকোয়া নতুনবস্তির বাসিন্দা। ময়মনসিংহের ইটভাটায় কাজ করতো। গত ১১ এপ্রিল সে বাড়িতে আসে।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২১ এপ্রিল আক্রান্ত এক নারী তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বাসিন্দা। তবে এর আগে গত ১৯ এপ্রিল পঞ্চগড়ের তেঁতুলিয়ার যে নারীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল ওই নারী এখন সুস্থ আছেন।
এ পর্যন্ত পঞ্চগড় জেলা থেকে মোট ২৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮৬ জনের ফলাফল পাওয়া গেছে। এতে তিনজনের করোনা পজেটিভ ফলাফল এসেছে।
