আমেরিকার অনুদান বাতিল ঘোষণার পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) বাড়তি ৩ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
এক টুইট বার্তায় হুয়া চুনিং বলেন, ‘ডব্লিউএইচওকে বাড়তি ৩ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষভাবে এই অনুদান দেওয়া হচ্ছে। কভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এর আগে সংস্থাটিকে ২ কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আস্থা রাখে চীন। মহামারী রোধে সংস্থাটি যে প্রয়াস চালাচ্ছে, তাতে সাহায্য করতে চায় চীন। আর সে জন্যই বাড়তি অর্থ দেওয়া হচ্ছে।’
এদিকে করোনার বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। সম্প্রতি চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০ কোটি ক্লিনিক্যাল মাস্ক, ১০ লাখ এন-৯৫ মাস্ক ও ১০ লাখ করোনার টেস্টিং কিট দেওয়া হবে।
এর আগে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২ কোটি মিলিয়ন ডলার দান করেছিল চীন। অন্যদিকে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া অনুদান বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
