নরসিংদীতে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০১:৫৯ পিএম

নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমজাদ হক (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাড়াঁলো ২ জনে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আমজাদ হক নরসিংদী সদরের ভাগদী এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি মাধবদীর বাবুরহাটে কাপড়ের ব্যবসা করতেন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, করোনায় আক্রান্ত হলে আমজাদকে জেলা করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরে তার শ্বাসকষ্ট জটিলতা দেখা দিয়ে তাকে ১৫ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, জেলায় এই পর্যন্ত ৭৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৬৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আর সুস্থ হয়েছে ২১ জন। ২ জন ঢাকায় মৃত্যুবরণ করেছে।

নিহতের শ্যালক মাসুদ বলেন, আমজাদ হোসেনের ডায়াবেটিস ও কিডনির সমস্যা রয়েছে। এই সমস্যার কারণে তিনি নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া-আসা করতেন। এই যাওয়া আসার পথেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। আমরা দুপুরের পরেই মরদেহ নিয়ে নরসিংদী রওনা দিবো। পরে এলাকার সবার সাথে আলোচনা করে তাকে দাফন করা হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত