দেশের অন্যতম শিল্প গ্রুপ স্কয়ারের সহযোগিতায় করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে পাবনা জেলা যুবলীগ।
শুক্রবার সকালে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে অ্যাম্বুলেন্স সার্ভিসের কার্যক্রম শুরু হয়। এ সময় গয়েশপুর ইউনিয়নের এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।
স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু ও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন। পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাইসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে পাবনা পৌর এলাকায় জেলা যুবলীগের মাধ্যমে ৫ হাজার, আটঘরিয়া উপজেলা পরিষদের মাধ্যমে ১০ হাজার এবং সুজানগর উপজেলা পরিষদের মাধ্যমে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
