গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৭:৫০ পিএম

গোপালগঞ্জে কৃষকের পাকা ধান কাটা অব্যাহত রেখেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম ও করপাড়া এলাকার ৩ কৃষকের ধান কেটে দিলো উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা।

করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বর্গা চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ সদর উপজেলা ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালুর নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় অম্বরেশ ঢালী ও মারুফ মোল্লা নামে দুই কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেয়।

এ সময় সদর উপজেলা ছাত্রলীগের শিমিয়োন হাজরা জয়, মোল্লা রাফিকুল হাসান, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফত জয় প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নিউটন মোল্যার নেতৃত্বে ২০ সদস্যের অপর একটি টিম গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের মিজান মোল্লার ১০ কাঠা জমির ধান কেটে দেয়।

এ সময় কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোল্লা রিয়াদুল ইসলাম, রিফাত সরদার, ছাত্রলীগ নেতা পিয়ার খান, করপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

বেদগ্রাম এলাকার কৃষক অম্বরেশ ঢালী ও মারুফ মোল্লা ছাত্রলীগ নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ধান কাটা নিয়ে কৃষক সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছিলো। কিন্তু, ছাত্রলীগ নেতা-কর্মীরা এগিয়ে আসায় কৃষক আশার আলো দেখতে পাচ্ছে। আমরা আশা করবো এভাবে পুরো ধান কাটা মৌসুমে কৃষকের পাশে থাকবে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোল্লা রনি হোসেন কালু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ ২১ ইউনিয়নে কৃষকের ধান কাটা টিম গঠন করেছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়নের কৃষকের ধান বিনা পারিশ্রমিকে কেটে দিচ্ছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত