স্বাস্থ্যঝুঁকিতে থাকা তিন সহস্রাধিক অন্তঃসত্ত্বা

বাগেরহাটে নারীদের এক মাসের পুষ্টিকর খাবার

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:১৭ এএম

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকা বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টির ঘাটতি মেটাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তঃসত্ত্বা প্রত্যেক নারীর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে মাদার হরলিকস, গুঁড়োদুধ, ডিম, ছোলা, খেজুরসহ নানা পুষ্টিকর খাদ্য সহায়তা।

বাগেরহাট শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত বৃহস্পতিবার সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে এ খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তানিয়া আক্তার, সাংসদের একান্ত সচিব এম রেজওয়ান আহমেদ চয়ন প্রমুখ।

বাগেরহাটের অন্তঃসত্ত্বা নারীদের জন্য এ ধরনের খাদ্য সহায়তার উদ্যোগ এটাই প্রথম। জেলার ৯ উপজেলায় বর্তমানে ৮ হাজার ৪৩১ জন নারী অন্তঃসত্ত্বা রয়েছে বলে জানিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সারহান নাসের তন্ময় এ এলাকার জনপ্রতিনিধি হওয়ার পর থেকে নানা ধরনের জনকল্যাণকর কাজে নিজেকে নিবেদিত রেখেছেন। সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এলাকায় তিনি আসতে না পারলেও সবসময় খোঁজখবর রাখছেন। তারই ধারাবাহিকতায় করোনভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় স্বাস্থ্যঝুঁকিতে থাকা বাগেরহাটের অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। দুটি উপজেলার তিন সহস্রাধিক গর্ভবতী নারীদের আট প্রকার পুষ্টিকর খাবার দেওয়া শুরু করেছেন। প্রত্যেক গর্ভবতী মাকে এক মাসের পুষ্টিকর খাবার সরবরাহ করা শুরু হয়েছে। এসব মায়ের নিয়মিত খাদ্য সহায়তা দেওয়া হবে।

খাদ্য সহায়তা পাওয়া শহরের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বস্তির বাসিন্দা গর্ভবতী নারী রোজিনা আক্তার, খাদিজা বেগম ও রাবেয়া আক্তার এ প্রতিবেদককে বলেন, তাদের স্বামীরা পেশায় দিনমজুর। করোনাভাইরাসের সংক্রমণে স্বামীরা এখন বেকার হয়ে ঘরে বসে আছেন। অভাবের সংসারে যেখানে ডাল-ভাতই জোটে না সেখানে পুষ্টিকর খাবার খাওয়ার চিন্তা স্বপ্নের মতো। মাতৃত্বকালীন সময়ে জনপ্রতিনিধি পুষ্টিকর খাবার সরবরাহ করায় আমরা দারুণ আনন্দিত।

বাগেরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক চৌধুরী আবদুর রব বলেন, সাংসদ শেখ সারহান নাসের তন্ময় করোনা সংক্রমণের দুঃসময়ে দুটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। চিকিৎসকদের দিয়ে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম সাধারণ মানুষের দোরগোড়ায় এবং অন্তঃসত্ত্বাদের পুষ্টিকর খাদ্য সহায়তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত