মন্ত্রীর দেহরক্ষীর গুলিতে আহত মহিমেরও মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৪:৪২ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দেহরক্ষী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর কুমারের (৩৫) গুলিতে আহত মো. মহিম উদ্দিনও গত বৃহস্পতিবার মধ্যরাতে মারা গেছেন। এর আগে গত ১৬ এপ্রিল কিশোরের গুলিতে অন্য বন্ধু মো. শহিদের মৃত্যু হয়। ঘটনাস্থলে কিশোরের গুলিতে মহিম আহত হন। স্ত্রীর সঙ্গে বন্ধুর পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে কিশোর এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ।

মো. মহিম উদ্দিন টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা গ্রামের আব্দুল মালেকের ছেলে। গ্রামটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী। শহিদও একই গ্রামের সবুর উদ্দিনের ছেলে। আর কিশোর গাজীপুরের এসবির এএসআই। তিনি কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে। শহিদ নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি এবং পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে কিশোরের বিরুদ্ধে একটি মামলা করা হয়। দুটি মামলারই তদন্ত চলছে।

ঘটনার এক দিন পর আশুলিয়ার শিমুলতলী এলাকা থেকে কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, এএসআই কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। স্ত্রীর সঙ্গে কিশোরের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সম্প্রতি ওই কলহের জেরে স্ত্রী ঢাকার বাসা থেকে বাপের বাড়ি চলে যান। দাম্পত্য এ কলহের কারণ হিসেবে কিশোর তার স্ত্রীর সঙ্গে মহিম উদ্দিনের পরকীয়া রয়েছে বলে সন্দেহ করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এজন্য মহিমকে হত্যার উদ্দেশ্যেই ফোনে গাঁজা সেবন ও আড্ডা দেওয়ার কথা বলে গত ১৬ এপ্রিল রাতে স্থানীয় কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে যেতে বলেছিল কিশোর। পরে মাহিম তার বন্ধু মো. শহিদকে নিয়ে ওই স্থানে কিশোরের জন্য অপেক্ষা করছিলেন। ওইদিন রাত পৌনে ১০টার দিকে কিশোর মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গিয়েই কিছু বুঝে ওঠার আগে নিজ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এতে মহিমের গায়ে দুটি এবং শহিদের বুকে একটি গুলিবিদ্ধ হয়। শহিদ ঘটনাস্থলেই নিহত হন। আর মহিমের পেটের এক পাশে গুলি বিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এলে কিশোর পালিয়ে যান। আহত মহিম উদ্দিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মহিমের মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি ঘটনার বিস্তারিত পুলিশকে জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত