ঝালকাঠিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৪:৩৭ পিএম

ঝালকাঠিতে কল্পনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে তার উদ্ধার করা হয়।

কল্পনা বেগম একই এলাকার তৌহিদুল কিসমতের স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে এশার নামাজের পর স্বামীর ঘর থেকে বের হয়ে কল্পনা বেগম নিখোঁজ হন।

পরিবারের লোকজন রাতেই আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

শনিবার সকালে একই বাড়ির ঝর্ণা বেগম পাশেই একটি পরিত্যক্ত গোয়াল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কল্পনাকে দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কল্পনা বেগমের বড় ছেলে অনিক বলেন, সাহরিতে খাওয়ার জন্য রান্না করা তরকারি বিড়ালে খেয়ে ফেলায় বাবা মাকে মন্দ বলে। এর পরেই মা রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও মাকে পাওয়া যায়নি।

অনিক আরও বলেন, মা একটু অন্য রকম ছিল। সবকিছু স্বভাবিকভাবে নিতে পারত না। এর আগেও মা কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত