চট্টগ্রামে সালিস বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে কর্ণফুলী থানাধীন খুইজ্জারটেক বানু বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত আরিফ দোভাষ (২০) ওই এলাকার দেলোয়ার হোসেন দেলুর পুত্র।
কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহত আরিফের পরিবারের সাথে প্রতিবেশী পরিবারের সঙ্গে কলহ ছিল। এই নিয়ে সালিস বৈঠকে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই সময়ে কেউ একজন আরিফের ঘাড়ে ছুরিকাঘাত করে।
তিনি আরও বলেন, মুমূর্ষু অবস্থায় আরিফকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
