করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর এক পুলিশ কনস্টেবল (২২) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল থেকে পালিয়েছে। বৃহস্পতিবার রাতে পালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের নিজ বাড়িতে চলে আসেন।
পরে পুলিশের সহযোগিতায় তার স্বজনরা তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন। তিনি ঢাকার এপিবিএন-১২ তে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনোয়ার হোসেন বলেন, গত ২১ এপ্রিল পুলিশ সদস্যের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি সেখান থেকে পালিয়ে প্রথমে নিজবাড়ি ও পরে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শ্বশুরবাড়ি যান। শুক্রবার বিকেলে বিষয়টি জানিয়ে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ রাতেই তাকে সেখান থেকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
