পঞ্চগড়ের তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগছ এলাকায় করোনা আক্রান্ত নারীর বাড়ির কেয়ারটেকারেরও করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ বিভাগ।
শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করোনা ধরা পড়ে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪ জনের।
এর আগে গত ১৭ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার ঢাকা ফেরত এক নারীর করোনা শনাক্ত হয়। ৪২ বছর বয়সী ওই নারী পঞ্চগড়ের প্রথম করোনা শনাক্ত হন। তিনি ঢাকার মীরপুরে স্বামীসহ বসবাস করতেন। ৬ এপ্রিল তেঁতুলিয়ায় ফিরেন তিনি। ফেরার পর থেকেই তারা হোমকোয়ারেন্টিনে ছিলেন। ওই পরিবারের ৫ সদস্যের করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার মধ্যে ওই নারীর করোনা শনাক্ত হয়। পরে তার বাড়ির কেয়ারটেকারের নমুনা সংগ্রহ করে ২০ এপ্রিল পরীক্ষার জন্য রংপুর পাঠায় জেলা স্বাস্থ বিভাগ। শনিবার ওই কেয়ারটেকারের করোনা শনাক্ত হয়।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে ২৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২২৫ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়েছেন। দুই জন নারী দুই জন পুরুষ। ৩ জনই তেঁতুলিয়া উপজেলার। ১ জন বোদা উপজেলার। পঞ্চগড়ের প্রথম করোনা শনাক্ত নারীর সংস্পর্শে আসার কারণে ওই ব্যক্তিও করোনায় আক্রান্ত হন।
ওই পরিবার সংলগ্ন কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে বলেও জানান সিভি সার্জন।
