দেশে ফিরতে পারছেন না ৬১ জন ভারতীয় ট্রাকচালক

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০২:১৭ এএম

ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে বুড়িমারী স্থলবন্দরে ৬১টি ট্রাক ভারতীয় পাটবীজ নিয়ে আসার ২২ দিন পেরিয়ে গেলেও চালকদের ফেরত নেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশি পাটবীজ আমদানিকারক ও স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা আটকে পড়া ট্রাকচালকদের নিয়ে বিপাকে পড়েছেন। বাংলাদেশ থেকে তাদের ভারতে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় দূতাবাসকে চিঠি পাঠালেও কোনো সাড়া দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ। জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর গত ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এ সময় আমদানি করা ৬১টি পাটবীজবোঝাই ট্রাক আটকা পড়ে ভারতে। পরে উভয় দেশের সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৪ এপ্রিল বিশেষ ব্যবস্থায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাটবীজসহ ট্রাকগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশি সিঅ্যান্ডএফ এজেন্ট ও স্থলবন্দর কর্তৃপক্ষ ওই দিনই ট্রাকগুলো খালি করে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু ফেরার সময় বাধা দেয় ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ও ভারতীয় কর্তৃপক্ষ। তখন থেকে ওই ৬১টি ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক আটকা পড়ে বুড়িমারী স্থলবন্দরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত