রাজশাহীতে করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১১:৩১ এএম

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে এটিই রাজশাহীতে প্রথম মৃত্যুর ঘটনা। 

রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মারা যান বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃত ব্যক্তির নাম আব্দুস সোবহান। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে। 

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, গত ১৭ এপ্রিল জ্বর ও প্রসাবে জ্বালাপোড়া নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন আব্দুস সোবহান।

তবে দু-তিন দিন পর চিকিৎসকদের সন্দেহ হলে তার করোনা টেস্ট করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেয়া হয়। এরপরেই তার করোনা ধরা পড়ে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আবদুস সোবহান পেশায় একজন ফেরিওয়ালা।

এদিকে, আব্দুস সোবহানের করোনা ধরা পড়ার আগ পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ২১ চিকিৎসক ও ১২ নার্সসহ ৪২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। 

তবে গত বুধবার এবং বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে কারও করোনা শনাক্ত হয়নি।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকেও চিকিৎসা নেন আব্দুস সোবহান। ওই দুই প্রতিষ্ঠানের ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাদের পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত