কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান।
রবিবার ভোর পাঁচটার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ভোরে সাহরির পরপরই আগুন লেগে উক্ত বাজারে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অন্তত ছোটবড় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ লক্ষের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হেলাল উদ্দিন আরও বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদির দোকান, চায়ের দোকানসহ অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে পরে খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
