নিজেই পুলিশকে জানালেন তিনি করোনা আক্রান্ত

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১০:৫২ পিএম

রাজবাড়ী থেকে চট্টগ্রামে ফেরা এক ব্যক্তির করোনা পজেটিভ আসার খবর পেয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। কোভিড-১৯  শনাক্ত হওয়া ওই ব্যক্তির বাসাসহ ভবনটি লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তি রাজবাড়ীতেই করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা দিয়ে এরপর চট্টগ্রাম চলে আসেন।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা দেশ রূপান্তরকে বলেন, আক্রান্ত ব্যক্তি রাজবাড়ীতে বিআইডব্লিউটিএ’তে কর্মরত। রাজবাড়ীতেই করোনা পরীক্ষার জন্য ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর তিনি ২৫ এপ্রিল রাজবাড়ী থেকে চট্টগ্রাম নগরীতে চলে আসনে। চট্টগ্রামে সদরঘাট থানাধীন ইসলামিয়া কলেজের পেছনে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় তার বাসা। সেখানে পরিবারের অন্য সদস্যরাও থাকে।

তিনি বলেন, রবিবার ওই ব্যক্তির করোনা পজেটিভ হওয়ার তথ্য আসে। পরে ওই ব্যক্তি নিজেই পুলিশকে জানান হাসপাতালে নেয়ার জন্য। এরপর করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে জেনারেল হাসপাতালে পাঠিয়ে সদরঘাট এলাকার পাঁচতলা ভবনটি লকডাউন করা হয়। ভবনের বাসিন্দাদের জানানো হয়েছে, আপতত কেউ প্রবেশ-বাহির হতে পারবে না।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, রাজবাড়ীফেরত ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার জ্বর আছে, তবে অন্য উপসর্গ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত