প্লাজমা থেরাপির পর ভারতে সুস্থ করোনা রোগী

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১১:১৫ পিএম

নভেল করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার করে ভারতও আশার খবর দিয়েছে। দেশটি জানিয়েছে, প্রথম যে রোগীকে এই চিকিৎসা দেয়া হয়েছে, তিনি সুস্থ হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিল্লির ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে প্লাজমা থেরাপি দেয়া হয়। গত ৪ এপ্রিল তিনি করোনা পজিটিভ হন।

হাসপাতালে ভর্তির কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। এরপর নিউমোনিয়া হয়ে যায়। ৮ এপ্রিল ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সুস্থতার কোনও লক্ষণ না দেখতে পেয়ে চিকিৎসকেরা পরিবারের সঙ্গে আলাপ করে প্লাজমা থেরাপি দেয়ার সিদ্ধান্ত দেন।

এরপর শুরু হয় দাতা খোঁজার পালা। একজন সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের প্লাজমা দিয়ে শুরু হয় চিকিৎসা। এরপর ফল মিলতে শুরু করে ধীরে ধীরে।

আক্রান্তদের সারিয়ে তুলতে সেরে ওঠা ব্যক্তিদের রক্তের প্লাজমা অসুস্থদের দেওয়ার চিকিৎসা পদ্ধতির নাম প্লাজমা থেরাপি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নানা দেশ এটি দেয়া হচ্ছে। বাংলাদেশেও এভাবে চিকিৎসা শুরুর পরিকল্পনা চলছে।

রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে প্লাজমা বা রক্তরস বলে। তিন ধরনের কণিকা ছাড়া রক্তের বাকি অংশই রক্তরস।

চিকিৎসকেরা বলছেন, কভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা এ ভাইরাস মোকাবিলা করে টিকে থাকতে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি করোনাভাইরাসকে আক্রমণ করে। সময়ের সঙ্গে আক্রান্ত ব্যক্তির প্লাজমায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। ওই অ্যান্টিবডিই অসুস্থদের সারিয়ে তোলার জন্য ব্যবহার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত