নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে সহযোগিতার নির্দেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:৫০ এএম

করোনা প্রাদুর্ভাবের সময়ে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে ব্যাংক ডকুমেন্ট দ্রুত ছাড়সহ সব ধরনের সহযোগিতা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে। 

২২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে চিঠি দেওয়া হয়। এর পরিপেক্ষিতে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ (চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, চিনি, আদা, রসুন) পানি, শিশুখাদ্য ও অন্যান্য খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সব ধরনের চিকিৎসাসামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে এর উৎপাদন, আমদানি, খালাস, পরিবহন, কুরিয়ার ব্যবস্থা এবং ওয়্যারহাউজ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে আমদানি পণ্য দ্রুত খালাসের লক্ষ্যে অনুমোদিত ডিলার ব্যাংক ডকুমেন্ট ছাড়করণের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

১২ এপ্রিল জারি করা সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড়করণ ও আমদানি দায় পরিশোধের বিষয়ে গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনের ৭ম অধ্যায়ের ২৬ অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা মোতাবেক যথাবিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আমদানি নীতি আদেশ পরিপালন সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য আমদানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসৃত বিধিবিধানের নিরিখে আমদানিকারককে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত