দেশের শিল্পকারখানা খুলে দেওয়ায় কর্মস্থলে যেতে ভোলার ইলিশা ফেরিঘাটে ভিড় করছেন শ্রমিকরা। করোনাভাইরাসের কারণে বন্ধ রাখা শিল্পকারখানা পুনরায় চালু করার ঘোষণা দিলে জেলার বিভিন্ন এলাকার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ফেরিঘাট এসে গতকাল রবিবার জড়ো হন। কিন্তু লঞ্চ, সি-ট্রাক কিংবা ফেরিতে যেতে না পেরে ইলিশা ফেরিঘাটেই অবস্থান নিচ্ছেন এসব শ্রমিক।
একাধিক শ্রমিক বলেন, করোনাভাইরাসের কারণে শিল্পকারখানা বন্ধ করে দেওয়া হয়। আবারও শিল্পকারখানা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তাই আমরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ঘাটে এসেছি। কিন্তু সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় আমরা কর্মস্থলে যেতে পারছি না। এখন সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদের কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করে না দেয় তাহলে আমাদের চাকরি হারাতে হবে। সময়মতো কর্মস্থলে যেতে না পারলে চাকরিতে যোগদানে ভোগান্তি পোহাতে হবে বলে জানান তারা।
