নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ২৯ লাখ ৭১ হাজার ৯০ জন আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল নাগাদ নতুন এই রোগে মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৫১৪ জন।
মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৩০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সেখানে ৫৪ হাজার ৮৬৫ জনের মৃত্যু হল।
আমেরিকায় মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬৫ হাজার ৪৩৫ জন। সুস্থ হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।
৪ মে থেকে লকডাউন ওঠানোর ঘোষণা দেয়া ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ৬৪৪ জন। দেশটিতে আক্রান্ত প্রায় দুই লাখ।
বিবিসি জানিয়েছে, রবিবার ইতালিতে নতুন করে ২৬০ জনের মৃত্যু হয়েছে। ১৪ মার্চের পর ২৪ ঘণ্টায় এটিই সেখানে সবচেয়ে কম মৃত্যু।
ইতালি জানিয়েছে, সাধারণ মানুষ নিজেদের এলাকায় ঘোরাফেরা করতে পারবেন। তবে অন্য এলাকায় যেতে পারবেন না।
মৃতদের সৎকার শুরু হলেও একসঙ্গে ১৫ জনের বেশি জড়ো হতে পারবেন না।
স্পেনে মারা গেছেন ২৩ হাজার ১৯০ জন। মোট আক্রান্ত ২ লাখ ২৬ হাজার ৬২৯। সেখানেও লকডাউন শিথিল হচ্ছে।
ফ্রান্সে মৃত্যু প্রায় ২৩ হাজার। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ২২০ জন।
যে চীন থেকে গত ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় মাত্র ৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিদেশি দুই জন। একজন স্থানীয়।
ভাইরাসের উৎপত্তিস্থল উহানের হাসপাতালে এখন কোনো করোনা রোগী নেই বলেও দাবি করেছে দেশটি।
চীনের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে ৪ হাজার ৬৩৭ জন কভিড-১৯ রোগে মারা গেছেন। এর মধ্যে ৮৪ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশের রাজধানী উহানে।
