বরগুনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাইনুর রহমান নিশাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান এই যুবক। নিশাত বরগুনা পৌরশহরের ক্রোক এলাকার গোলাম সরোয়ারের ছেলে।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন হাসান শাহিন বলেন, গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন নিশাত। পরে সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যান তিনি। খবর পেয়ে মৃতের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়।
এদিকে গত ৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় বরগুনায়। এর মধ্যে মারা গেছে দুজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন। এদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন ১০ জন আর নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন।
