ভয়াবহ আগুনে পুড়ে গেছে বান্দরবানের থানচি বাজারের প্রায় দুই শতাধিক দোকান। সোমবার ভোর পাঁচটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা জানান, আগুনে বাজারের দুইশোর বেশি দোকান পুড়ে গেছে। কোনো দোকানের চুলা থেকে আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
তিনি জানান, বান্দরবান সদর থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন বিশ্বাস বলেন, সবাই ঘুমে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ব্যবসায়ী কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারেননি। এ দুর্ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর দুপুরে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
