শরীয়তপুরে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৩:২৬ পিএম

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি চাাঁদাবাজি মামলায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।

স্থানীয় পানিউন্নয়ন বোর্ডের খাল খনন কাজে বাধা দেয়া, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও প্রকল্পের ব্যবস্থাপককে মারধরের অভিযোগ এনে এক ঠিকাদার গত ১৬ এপ্রিল তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ওই মামলায় তার আরও তিন ভাইসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

শরীয়তপুরের পালং মডেল থানা সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে কাঠাখালি পর্যন্ত খালের তিন কিলোমিটার খনন করছে পানি উন্নয়ন বোর্ড।

শহীদ এন্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পের কাজটি বাস্তবায়ন করছেন। খালের খনন কাজ শুরু করা হলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়া শুরু করেন। তাদের সাথে যুক্ত হন আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি প্রকল্পের কাজ করতে বাধা দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন।

গত ১০ এপ্রিল খাল খননের মাটি অপসারণ কাজে বাধা দেন। তখন তিনি প্রকল্পটির ব্যবস্থাপক মজিবর সরদার ও তার ভাই এমদাদ সরদারকে মারধর করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক মতিউর রহমান বলেন, খালটি খনন কাজ শুরু করার পর থেকেই ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়েরা চাঁদা দাবি করতে থাকেন। ওই খালের যা বরাদ্দ ছিল তাতে আমাদের লোকসান হবে। আমরা তাকে টাকা দিতে পারব না এমনাটা জানালে তিনি লোকজন নিয়ে আমার ম্যানেজারকে মারধর করে তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আওয়ামী লীগ নেতা হওয়ায় কিছু বাড়তি প্রভাব দেখিয়েছেন। বাধ্য হয়ে থানায় মামলা দিতে হয়েছে।

শরীয়তপুর সদরের  পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আদালতের মাধ্যমে চেয়ারম্যানকে জেলা করাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত