কিমের খবর আমি জানি, আপনারাও জানবেন: ট্রাম্প

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১১:১৭ এএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের ‘মৃত্যু গুজব’ নিয়ে আবারও মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, কিমের স্বাস্থ্যের ব্যাপারে তিনি ভালোভাবে অবগত আছেন, অন্যরাও দ্রুতই জানতে পারবেন।

দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিমের অনুপস্থিতির পর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হতে থাকে। কারো দাবি কিমের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে, কেউ বলছে ‘মৃত্যু শয্যায়’ আছেন কিম।

বিষয়টি নিয়ে মুখ খুলছে না পিয়ংইয়ংয়ের কোনো সংবাদমাধ্যম। তবে দক্ষিণ কোরিয়া থেকে জানানো হয়েছে, কিম ‘জীবিত ও ভালো’ আছেন। উত্তরের শীর্ষ সংবাদমাধ্যম রোডং সিনমুনের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, পূর্ব উপকূল রাজ্য ওনসেনে কর্মরত নির্মাণকর্মীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিম।

কিমের অসুস্থতা নিয়ে আগেও কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের বিরুদ্ধ স্বদেশি সংবাদমাধ্যম সিএনএন’র একহাত নিয়ে জানিয়েছিলেন, এসব তাদের বানানো ‘ভুয়া খবর’।

হোয়াইট হাউসে সোমবার ফের কিম প্রসঙ্গে ফের কথা বললেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, কিমের ব্যাপারে আমার খুব ভালো করেই জানি। তবে আমি এখন এটা নিয়ে কিছু বলতে পারছি না। আমি কেবল তার শুভ কামনা করছি।”

কিমের ব্যাপারে সাংবাদিকেরাও দ্রুত জানতে পারবেন বলেও জানান ট্রাম্প, “আমি আশা করি, তিনি ভালো আছেন। খুব দ্রুতই আপনারাও তার ব্যাপারে জানতে পারবেন।”

“কিম জন উনের সঙ্গে আমার ভালো একটি সম্পর্ক আছে। আমি বলতে পারি, আমি প্রেসিডেন্ট না হলে, আপনারা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে দিতেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত