বগুড়ায় উপসর্গ ছাড়াই করোনা শনাক্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৮:৩৭ পিএম

বগুড়ায় উপসর্গহীন এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তিনি ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন।

মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ওই ব্যক্তিকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এই প্রথম ২টি প্লেটে ১৮৭ টি নমুনা পরিক্ষা করা হয়। এর মধ্যে ১৮১টি নেগেটিভ ও ১টি পজেটিভ এবং বাকী ৫টি নমুনা পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নমুনা পরীক্ষায় যে ব্যক্তির করোনা পজেটিভ এসেছে তিনি বগুড়া শহরের ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় চাকরি করেন। দুইদিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরেন। তার দেহে করোনার কোন উপসর্গ না থাকলেও পরিবারের সদস্যদের পরামর্শে মঙ্গলবার তিনি নমুনা পরীক্ষা করান। সেখানে পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হন।   

উল্লেখ্য, বগুড়ায় মঙ্গলবার সনাক্ত হওয়া একজনসহ এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও বগুড়া শহরের সুত্রাপুর এলাকার এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন। বুধবার তার নমুনা পরীক্ষা করা হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত