চট্টগ্রামে পুলিশসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০২:০৫ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। 

বুধবার রাত ১০ টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার বিআইটিআইডিতে ১১৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৪ জন এবং ১ জন ফেনীর বাসিন্দা। 

তিনি আরও বলেন, করোনা পজেটিভ হওয়া নগরীর ওই চারজনই পুরুষ। তাদের একজন দামপাড়ার পুলিশ লাইন্সের সদস্য। এছাড়া অন্য তিনজন হলেন, কালুশাহ নগর এলাকার ৫০ বছর বয়সী এক ব্যক্তি, ইপিজেড এলাকার ৫২ বছর বয়সী একজন এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার ৪৫ বছর বয়সী একজন। 

সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ জানান, দামপাড়ার করোনায় আক্রান্ত ব্যক্তি পুলিশ সদস্য। তিনি পুলিশ লাইন্সে থাকতেন। তার বয়স ৩০ বছর। বর্তমানে ওই পুলিশ কনস্টেবল দামপাড়ার পুলিশ হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি আছেন।

অপরদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ৯৯ জনের নমুনা পরীক্ষা হয়। যাদের মধ্যে লক্ষীপুরের ৬ ও নোয়াখালীর তিনজন বাসিন্দার করোনা পজেটিভ পাওয়া গেছে। 

প্রসঙ্গত, গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। এরপর গত ২৫ এপ্রিল থেকে শুরু হয় সিভাসুর ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা। চট্টগ্রামে এ পর্যন্ত বিআইটিআইডিতে মোট ২ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ওই বিআইটিআইডি ল্যাবে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগের মোট ১১৩ জনের নমুনায়। তার মধ্যে চট্টগ্রাম জেলার ৬৯ জন। চট্টগ্রামে এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত