প্রশাসনের নির্দেশিত সামাজিক দূরত্ব মানাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনগণের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সামাজিক দূরত্ব বজায় না রেখে গতকাল বুধবার হাওড়ার টিকিয়াপাড়া এলাকার একটি মার্কেটে লোকজন ভিড় করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর পাথর ছুড়তে থাকে। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে সরে যায় পুলিশ। পরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
হাওড়া ভারতের করোনার অন্যতম একটি হটস্পট হিসেবে পরিচিত। সেখানে প্রায় ৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে এ ঘটনার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে হাওড়ার প্রতিনিধি রাজীব ব্যানার্জি জানান, সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে।
