সংবাদ প্রকাশের পর বালু ফেলা শুরু

যমুনার ভাঙন থেকে ১০ গ্রাম রক্ষার উদ্যোগ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৬:৪৭ এএম

দৈনিক দেশ রূপান্তরে ছবিসহ সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা ভাঙনকবলিত বালু ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উপজেলার কৈজুরি, খুকনী ও জালালপুর ইউনিয়নের ১০ গ্রাম যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে ক্রমেই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে।

এ নিয়ে গত ১২ এপ্রিল দেশ রূপান্তরের নবম পাতায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরে আসে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে সেখানে গত তিন দিন ধরে বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলা শুরু করেছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই এ বস্তা ফেলার কাজ শেষ হলে এ উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত তিনটি ইউনিয়নের প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ১০টি গ্রামের শত শত বাড়িঘর, তাঁত ফ্যাক্টরি, গাছপালা, কাঁচা-পাকা সড়ক, ব্রিজ-কালভার্ট, চার শতাধিক বিঘা আবাদি জমি, মসজিদ-মন্দির, শ্মশান-কবরস্থান ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। এতে এসব গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ সম্বল হারানো থেকে বেঁচে যাবে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, ভাঙনরোধে বালুর বস্তা ফেলার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ^াস ফেলছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বস্তা ফেলার কাজ এক সপ্তাহের মধ্যে শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত