করোনায় আক্রান্ত আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান ডিএমপি’র পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)।
অন্যদিকে ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।
দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ থেকে নিশ্চিত হওয়া গেছে।
ডিএমপি’র পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) যুগ্ম কমিশনার আব্দুল মালেক বলেন, “প্রাথমিকভাবে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আব্দুল খালেককে মতিঝিল আরামবাগে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নেয়া হয়। গতকাল তার করোনার পরীক্ষার স্যাম্পল পাঠানো হয়। আর প্রাপ্ত রিপোর্টে তিনি করোনায় পজিটিভ ছিলেন।”
বুধবার বিকেল থেকে আব্দুল খালেকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে কোয়ারেন্টাইনে অবচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল খালেকের বাড়ী বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। আজিম উদ্দিন মৃধার ছেলে আব্দুল খালেক।
সহকর্মীরা জানিয়েছেন, শান্ত, বিনয়ী, দায়িত্বপরায়ন ও কর্তব্য পালনে নিরলস, নিরাহংকার, সদা হাস্যোজ্জল এ সকল গুণসম্পন্ন স্বভাবের ছিলেন এএসআই আব্দুল খালেক। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
অন্যদিকে ডিএমপি’র ট্রাফিক উত্তরের এডিসি (অ্যাডমিন) বদরুল হাসান বলেন, "ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।"
করোনা উপসর্গ দেখা দেবার পর তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের পুলিশ তত্ত্বাবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টারে রাখা হয়। গত ২৬ এপ্রিল করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। পরদিন তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।
অবস্থার অবনতি হলে বুধবার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় আশেক মাহমুদকে। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বাড়ি জামালপুর মেলান্দ।
এই দুজনকে নিয়ে করোনায় পুলিশের তিন সদস্য মারা গেলেন।
গত মঙ্গলবার রাতে বাসায় কোয়ারেন্টিনে থাকাকালে ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়।
এ দিকে ডিএমপির করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮১। এর মধ্যে ১২ জন নারী সদস্য।
