করোনা মোকাবিলায় ভারতে ফ্যাভিপিরাভিরের ট্রায়াল

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৫:০৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ‘সারিয়ে তোলার আশা নিয়ে’ ফ্যাভিপিরাভির ওষুধের ট্রায়াল শুরু হচ্ছে ভারতে। করোনা প্রতিরোধে এখন পর্যন্ত যতগুলো ওষুধের নাম শোনা গেছে তার মধ্যে এই ফ্যাভিপিরাভির এবং রেমডিসিভির অন্যতম।

মুম্বাই-ভিত্তিক গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, ‘চীনে ওষুধটি ব্যবহারে সাফল্য পাওয়ায় ভারতে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হচ্ছে। এতে সাফল্য পেতে আশাবাদী।’

বাংলাদেশের দুই ওষুধ উৎপাদনকারী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মা এটি কিছুদিন আগে তৈরি করেছে। ফ্যাভিপিরাভির মূলত জেনেরিক নাম। বাংলাদেশ এবং জাপানে ওষুধটির ব্র্যান্ড নাম অ্যাভিগান।

করোনাভাইরাস আসার পর ওষুধটি নিয়ে সারা বিশ্বে আলোচনা হলেও জাপানে সাধারণ ঠান্ডা-সর্দির চিকিৎসায় এটি ২০১৪ সাল থেকে ব্যবহৃত হয়।

করোনাভাইরাসের কোনো টিকা কিংবা ওষুধ না থাকায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নানা ধরনের ওষুধের ওপর গবেষণা করছেন। তবে এখনো কোনোটি কার্যকরী বলে প্রমাণিত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের অধীনে ৮০টির মতো প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। এর মধ্যে চীন, আমেরিকা এবং যুক্তরাজ্য ভ্যাকসিন তৈরি করেছে। তারা হিউম্যান ট্রায়ালও দিয়েছে।

ভারতে ফ্যাভিপিরাভিরের ট্রায়াল শুরুর খবর আসার আগে গিলিয়াডের রেমডিসিভির ওষুধ নিয়ে বুধবার সুখবর দিয়েছেন গবেষকেরা। বহুল আলোচিত এই ওষুধটিতে ‘আসলেই’ করোনা রোগীরা দ্রুত ভালো হচ্ছেন বলে রয়টার্স, বিবিসি, সিএনএনের মতো সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

গ্লেনমার্ক জানিয়েছে, ভারতে তারা ১৫০ জন রোগীর ওপর সর্বোচ্চ ২৮ দিন ধরে ফ্যাভিপিরাভিরের ট্রায়াল চালাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত