করোনা পরিস্থিতিতে ঝালকাঠিতে এক মাস ধরে কর্মহীন অটোরিকশাচালকরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে রাস্তায় অটোরিকশা চলতে দেওয়া, অন্যথায় খাদ্যসামগ্রী দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। ৩০ মিনিট তারা প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখে।
অটোরিকশা শ্রমিকরা অভিযোগ করে বলেন, এই করোনা দূর্ভোগের মধ্যে গত ২৪ মার্চ থেকে ঝালকাঠিতে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। সেই থেকে এক মাসের বেশি সময় কর্মহীন রয়েছেন অটোরিকশা শ্রমিকরা। অটোরিকশা বন্ধ থাকায় ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, আবার গ্যারেজের ভাড়াও পরিশোধ করতে হচ্ছে। তাদের সরকারি- বেসরকারি কোন সহায়তা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দুই হাজার শ্রমিককে খাদ্যসামগ্রী না দিলে অটোরিকশা নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন তারা।
অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান বলেন, যারা সহায়তা দিচ্ছেন, তারা ভোটের রাজনীতি করছেন। জনপ্রতিনিধিরা খাদ্য সামগ্রী দিয়ে নিজের ভোট ঠিক রাখছেন। ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় বাঁশের বেড়া খুলে না দিলে শ্রমিকরাই বেড়া খুলে ফেলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
