ভারতে করোনা আক্রান্ত ৩৫ হাজার, মৃত্যু ১১৫৩

আপডেট : ০১ মে ২০২০, ১০:০৮ এএম

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ৩৫ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে এগারোশ’।

দ্য হিন্দুর’ শুক্রবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ১৫৩ জন।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা থেকে সুস্থ হওয়ার হার শতকরা ২৫ দশমিক ১৯ ভাগে দাঁড়িয়েছে। দুই সপ্তাহ আগে এই হার ছিল ১৩ ভাগ।

ভারতে করোনায় মৃতের হার ৩ দশমিক ২ ভাগ। মৃতদের ৬৫ ভাগ পুরুষ আর ৩৫ ভাগ নারী। মৃতদের ৭৮ ভাগই অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এই সময় জানায়, উদ্বেগজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র ও গুজরাট। সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯৯১৫ আর মৃতের সংখ্যা ৪৩২।

মহারাষ্ট্রে চিন্তা বাড়াচ্ছে ধারাভির মতো জনবহুল বস্তি এলাকা। ধারাভিতে বৃহস্পতিবার নতুন করে ২৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৯ জন।

এদিকে গুজরাটে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮২ জন। মারা গেছেন ১৯৭ জন।

এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩২ লাখ ৫৬ হাজার ৫৭০ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২২ হাজার ৩৬৩ জন। সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৪ হাজার ৫২৪ জন মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত