অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিউবার দূতাবাসে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে এক সশস্ত্র সন্ত্রাসী। এই হামলায় কেউ হতাহত না হলেও ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিনের শুরুতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর প্রতিবাদে কিউবার হাভানায় প্রতিবাদ মিছিল হয়েছে।
এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে টেক্সাসের বাসিন্দা আলেক্সান্ডার আলাসো নামের ৪২ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছ নিউইয়র্ক পুলিশ।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, সকালের দিকে এই হামলা হয়। কিউবা দূতাবাসে হামলার খবর পাওয়ার পর পরই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাতে সাড়া দেয়। এরই মধ্যে সন্দেহভাজনকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে ছিল গুলি বোঝাই অনুমোদিত উচ্চ ক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র।
বিদ্বেষমূলক ভাবনা থেকে এই হামলা চালানো হতে পারে বলে পুলিশের ধারণা। ঘটনাটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে।
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের মুখপাত্র হ ক্যারু এক বিবৃতিতে বলেছেন, “গ্রেপ্তারকৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্রও উদ্ধার করা হয়েছে।”
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিউবার দূতাবাসে সন্দেহভাজন এই বন্দুকধারী প্রায় ৩০ রাউন্ড গুলি ছুড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গুলিতে ভবনের বাইরের অংশ, পিলার, জানালা, লাইট ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাভানায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স ম্যারা টেকাসকে ডেকে পাঠিয়েছেন এ ঘটনায় কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস। এ ধরনের ‘সন্ত্রাসী হামলার’ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বারাক ওবামার সময় কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক কিছুটা ভালোর দিকে মোড় নিলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর আবার দেশ দুটির মধ্যে টানা পোড়েন শুরু হয়েছে।
