টেকনাফে ‘অপহৃত’ কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ০১ মে ২০২০, ০১:৫২ পিএম

কক্সবাজারে টেকনাফের অপহৃত ছয়জন কৃষেকের মধ্যে একজনের লাশ পা্ওয়া গেছে। এর মধ্যে তিনজনকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৯টা দিকে টেকনাফে উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম আকতারুল্লাহ (২৮)। স্থানীয়দের ধারণা- বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ছয়জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।

তারা হলেন- কৃষক আবুল হাশেম ও তার দুই ছেলে জামাল এবং রিয়াজুদ্দিন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে শাহেদ (২৫), মৌলভী আবুল কাছিমের ছেলে আকতারুল্লাহ ও মৃত মোহাম্মদ কাশেমের ছেলে ইদ্রিসকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি বলেন, অপহরণকারী রোহিঙ্গারা টেকনাফের পাহাড়ে অবস্থানরত সশস্ত্র রোহিঙ্গা আবদুল হাকিম ডাকাত বাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। ক্ষেত পাহারা দেয়াকালীন পাহাড় থেকে রোহিঙ্গা সশস্ত্র দলটি নেমেই মুহূর্তে মধ্যে ওই গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত