দ. কোরিয়ায় টেস্টের ভুলে সুস্থদের দ্বিতীয়বার ‘পজিটিভ’ এসেছে

আপডেট : ০১ মে ২০২০, ০৪:১৮ পিএম

দক্ষিণ কোরিয়ায় নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ২৯২ জনের দ্বিতীয়বার ‘আক্রান্ত’ হওয়ার যে খবর পাওয়া গিয়েছিল তার ব্যাখ্যা দিয়েছে দেশটি। কোরিয়া সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (কেডিসি) পরিচালক জিয়ং ইউন-কায়ং সংবাদ সম্মেলনে বলেছেন, টেস্টের ভুলের কারণে তাদের দ্বিতীয়বার ‘পজিটিভ’ দেখিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার এই রোগীদের কথা শুনেই কভিড-১৯ নিয়ে বিজ্ঞানীদের চিন্তা বেড়েছিল। ধারণা করা হচ্ছিল চীনের আশঙ্কা অনুযায়ী, আসলেই একজন মানুষ এই রোগে দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন।

চীন মার্চ থেকে বলছে তাদের দেশে সুস্থ হওয়া মানুষ একাধিকবার আক্রান্ত হয়েছেন। তবে গবেষকদের দাবি, এটি গণহারে হবে না। অল্প কিছু মানুষ দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন।

একটি অঞ্চলের অনেক মানুষ একসঙ্গে দ্বিতীয়বার আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেম নিয়ে শঙ্কা জাগতে পারে। দক্ষিণ কোরিয়ার খবরে প্রশ্ন উঠেছিল, তাহলে কভিড-১৯ কি ইমিউন সিস্টেম দুর্বল করে দেয়?

দক্ষিণ কোরিয়ায় বুধবার থেকে কোনো নতুন স্থানীয় রোগী পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৪৭ জন।

টেস্টের এই ভুলের কারণে আবার নতুন চিন্তা বাড়তে পারে। এখন পর্যন্ত পিসিআর টেস্টিং পদ্ধতিকে ‘নির্ভুল’ বলছেন গবেষকেরা। একে ‘গোল্ড স্যান্ডার্ড’ পদ্ধতি বলা হয়। তবু অনেকের দাবি, ৩০ শতাংশ ক্ষেত্রে এই পদ্ধতিতে ভুল ফলাফল আসতে পারে।

জিয়ং ইউন-কায়ং অবশ্য বলছেন, ‘আমাদের এখানে মানবসৃষ্ট ভুল হয়েছে। পদ্ধতিগত কোনো ভুল নেই বলে ধারণা করছি।’

‘পরীক্ষায় মৃত ভাইরাসের রাইবোনিউক্লিককে শনাক্ত করা হয়। সেটিকে পজিটিভ ধরা হয়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত