আরও ৫০ লাগেজভ্যান আমদানি করা হচ্ছে: রেলমন্ত্রী

আপডেট : ০২ মে ২০২০, ০২:২৩ পিএম

শাক-সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য বিদেশ থেকে আরও ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজে মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে।

শনিবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ত্রাণ বিতরণের যেন অনিয়ম না হয়। একই ব্যক্তি বার বার ত্রাণ পাচ্ছে আবার কেউ একবারও পাচ্ছে না এমনটি যেন না হয়।

রেলমন্ত্রী বলেন, করোনায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের নিয়ে খুব উদ্বিগ্ন। কারণ তিনি চান একজন মানুষও যেন অভুক্ত না থাকে। একজনে যেন দুই/তিন বার না পায় আবার কেউ পায় না এমনটা যেন না হয়। মধ্যবিত্ত যারা হাত পাততে পারে না তাদেরও প্রধানমন্ত্রী ত্রাণ দেয়ার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, যোগাযোগ বন্ধ ছিলো, গণপরিবহন বন্ধ ছিলো। আমরা আমাদের যাত্রীবাহী ট্রেনগুলো বন্ধ করেছিলাম। কিন্তু মালবাহী ট্রেন চালু করা হয়েছে। এখন থেকে আমরা টমেটো, পিঁয়াজ, রসুন, আদাসহ সমস্ত কিছু লাগেজ ভ্যানের মাধ্যমে পরিবহণের ব্যবস্থা নিয়েছি। এটা চালু করা হয়েছে। যাতে দেশের কোথাও নিত্যপণ্যের সংকট না হয়। সরকারের সিদ্ধান্ত ছাড়া যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই। তবে আরো পণ্য পরিবহনের লাগেজ ট্রেন চালু করার প্রক্রিয়া চলছে।

মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে দেবীগঞ্জ পৌর এলাকার ৪২০ জনের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত