পুলিশ হেফাজতে চট্টগ্রামে টেরিবাজারের দোকান কর্মচারী গিরিধারী চৌধুরীর মৃত্যুর ঘটনায় এএসআই কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন সিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে এএসআই কামরুলের বিরুদ্ধে অপেশাদার আচরণের জন্য তদন্ত কমিটি বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বক্সিরহাটের দোকান কর্মচারীকে মারধর করার একটি ভিডিও পেয়েছি, যেটা ভাইরাল হয়েছে। সেটা দেখেছি, খুব অমানবিক। সবমিলিয়ে কামরুলের অপেশাদার আচরণের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় টেরিবাজারের মোহাদ্দেছ মার্কেটের প্রার্থনা বস্ত্রালয়ের দোকান থেকে বস্তাভর্তি কাপড় বের করার সময় দোকানের ব্যবস্থাপক গিরিধারী চৌধুরী (৬৫) ও অপর এক কর্মচারিকে টেরিবাজারের নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এ সময় স্থানীয় বক্সিরহাট পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল হাসান তাকে পুরানো ফাঁড়ির মাঠে নিয়ে যায়। এরপর সেখানে অসুস্থবোধ করলে গিরিধারী চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় এএসআই কামরুল ও দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছিল।
ঘটনা তদন্তে সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। শুক্রবার রাতে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
