ফরিদপুরে দেশের দূর-দূরান্ত থেকে শ্রম বিক্রির জন্য আসা শতাধিক শ্রমিকের জন্য রান্না করে মধ্যরাতে তাদের মাঝে সাহরি পরিবেশন করছে জেলা পুলিশ। তাদের এই মানবিক সেবার কারণে এবার রোজা রাখতে পারছেন এসব দুস্থ মানুষ।
করোনাভাইরাসের কারণে বর্তমানে বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁ। নিজেরা রান্না করে খাওয়ার মতো ব্যবস্থাও নেই তাদের। এ কথা জানতে পেরে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামানের নির্দেশে তাদের জন্য এ ব্যবস্থা।
শহরের গোয়ালচামট মাইক্রোস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও ফমেক হাসপাতালের সামনের ফুটপাতে রাত যাপন করেন এসব দিনমজুর। তাদের বেশির ভাগের বাড়ি দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কৃষি ও গৃহস্থালির নানা কাজে দিনভিত্তিতে শ্রম বিক্রি করতে তারা প্রতিবছরই ফরিদপুরে আসেন। এবার করোনার কারণে কাজকর্মসহ খাবার সংকট পোহাচ্ছেন তারা।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুজ্জামান বলেন, কয়েক দিন আগে বগুড়ার জয়পুর এলাকার একজন দিনমুজর জানান, তারা সাহরির সময় খাবারের কষ্ট করছেন। বিষয়টি জানতে পেরে রিজার্ভ অফিসারকে দায়িত্ব নিতে বলি।
