ঝিনাইদহে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ মে ২০২০, ০১:৩৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোয়াদ আলী (৪৫) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা।

রবিবার সকালে শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোয়াদ আলী ওই উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, ওই গ্রামের জোয়াদ আলী বাড়ির সামনে একটি দোকানে ব্যবসা করেন। শনিবার রাতের কোনো এক সময় কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে মলত্যাগ দেখে শোরগোল শুরু করে।

সেসময় প্রতিবেশী হায়দার আলীর সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে লাঠি দিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন  গুরুতর অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত