করোনাভাইরাসের উৎপত্তি ও তার সংক্রমণ নিয়ে বাকযুদ্ধ লেগেই আছে যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে কভিড-১৯। যদিও শুরু থেকে সেটি অস্বীকার করে আসছে বেইজিং।
চীনে বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেই যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেমে নেই চীনও। অ্যানিমেশন ব্যবহার করে করোনা নিয়ে যুক্তরাষ্ট্রকে তীব্র কটাক্ষ করল চীন।
দ্য গার্ডিয়ান জানায়, চীনা সরকারি সংবাদপত্র জিনহুয়া অ্যানিমেশনটি অনলাইনে শেয়ার করে। এটির নাম দেয়া হয়েছে ‘ওয়ানস আপন আ ভাইরাস’।
অ্যানিমেশনটি দেখা যাচ্ছে, এক প্রান্তে মুখোশ পরে দাঁড়িয়ে আছে কয়েকজন যোদ্ধা। অন্য প্রান্তে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি। তার শরীরে স্যালাইন চলছে।
এতে এক কথোপকথনে যোদ্ধারা বলছে, ‘আমরা নতুন ভাইরাস আবিষ্কার করেছি। এটা ভয়ানক।’ তখন স্ট্যাচু অব লিবার্টি পাল্টা উত্তর দেয়, ‘তাতে কী হয়েছে? এটা তো স্বাভাবিক একটা ফ্লু।’ যোদ্ধারা সতর্ক করা সত্ত্বেও স্ট্যাচু অব লিবার্টি যেন নির্বিকার। এরপরই যোদ্ধারা বলে, ‘মাস্ক পরো।’ স্ট্যাচু অব লিবার্টিকে বলতে শোনা যায়, ‘পরব না।’ নানা রকম প্রস্তুতি নেওয়ার কথা বলে যোদ্ধারা। তাতেও স্ট্যাচু অব লিবার্টি পাত্তা দেয় না।
এক পর্যায়ে ওই যোদ্ধাদের ‘টিপিকাল থার্ড ওয়ার্ল্ড’ বলেও কটাক্ষ করে স্ট্যাচু অবল লিবার্টি। এর কিছু ক্ষণ পরেই অ্যানিমেশনে দেখা যাচ্ছে, ধীরে ধীরে জ্বরে লাল হয়ে যাচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। তাকে স্যালাইন দিতে হচ্ছে।
স্ট্যাচু অব লিবার্টির এই অবস্থা দেখে যোদ্ধারা বলছে, ‘শুধু কি নিজেদের কথাই শুনবে?’ প্রত্যুত্তরে স্ট্যাচু বলল, ‘আমরা সব সময়ই সঠিক’। এবার যোদ্ধারা বলল, ‘এই কারণেই তো মার্কিনিদের আমরা পছন্দ করি।’ এখানেই শেষ হয় দুইপক্ষের কথোপকথন।
এই অ্যানিমেশনের মধ্য দিয়ে পরোক্ষে ট্রাম্পকেই কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ ফ্লু ভেবে যুক্তরাষ্ট্র যে নির্বিকার ছিল, সেই ঘটনাকেও তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে। গোটা বিশ্বের মধ্যে এখন যুক্তরাষ্ট্রেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি।
