করোনায় সৃষ্ট আর্থিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০৫ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চেয়ে আবেদন করেছে ‘বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম’। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেডের আওতাধীন সারা দেশের কম্পিউটার প্রশিক্ষণসহ ১০৫টি ট্রেডের অধীনে এ সংগঠনে প্রায় সাড়ে তিন হাজার প্রতিষ্ঠান ও উদ্যোক্তা রয়েছে। চলমান পরিস্থিতিতে তারা কর্মহীন হয়ে চরম আর্থিক সংকটে পড়েছে।
সংগঠনের আহ্বায়ক নিত্যানন্দ সরকার ও সদস্য সচিব তোফাজ্জল হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী এ প্রতিষ্ঠানগুলো বর্তমান পরিস্থিতিতে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ফলে সরকারি প্রণোদনা ছাড়া এ সংকটময় পরিস্থিতিতে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। হাজার হাজার কর্মীর জীবনে চরম দুর্দশা নেমে এসেছে।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া আবেদনে বলা হয়, প্রতি বছর তিন মাস ও ছয় মাস মেয়াদি সেশনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার। তারা কারিগরি শিক্ষা বোর্ডের মূল্যায়ন পূর্বক চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসছে। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা ৩০ ভাগ। বিজ্ঞপ্তি।
