লাখ টাকার আশায় হত্যার পর মিলেছে সাড়ে ৩ হাজার টাকা

আপডেট : ০৪ মে ২০২০, ১০:১১ পিএম

চট্টগ্রামের পটিয়ায় পান দোকানি হত্যার ঘটনায় মো. শাওন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শাওন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছে।

সোমবার ভোরে লক্ষ্মীপুর থেকে মো. শাওন প্রকাশ সাগরকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে পটিয়ার আজিজিয়া হোটেলের কর্মচারী। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দত্ত পাড়ায়।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল রাতে পটিয়ার কালারপুল এলাকার আজিজিয়া হোটেলের ভেতরে একটি ড্রাম থেকে পান দোকানি আব্দুল কাদেরের গলায় রশি প্যাঁচানো এবং মুখ থেঁতলানো লাশ উদ্ধার করে পুলিশ। কাদেরের বাড়ি জিরি হলেও তিনি কালারপুল এলাকায় পানের দোকান করতেন। রাতে আজিজিয়া হোটেলেই ঘুমাতেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল ইসলাম মামুন জানান, পান দোকানি আবদুল কাদের খুনের রহস্য উদ্‌ঘাটনে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়। এদের মধ্যে শাওনকে সোমবার গ্রেপ্তার করা হয়। শাওন আজিজিয়া হোটেলের কর্মচারী। হোটেলটির সামনে কাদেরের একটি পানের দোকান ছিল। 

তিনি জানান, গ্রেপ্তার শাওন পান দোকানি কাদেরের সচ্ছল জীবনযাপন দেখে তার কাছে কয়েক লাখ টাকা জমা আছে ভেবে, সেই অর্থ হাতিয়ে নিতে তাকে হত্যার পরিকল্পনা করেছিল। হত্যার পর তার ক্যাশ বাক্সে মাত্র সাড়ে তিন হাজার টাকা পায় হত্যাকারীরা। পরে শাওন ২ হাজার টাকা ও আরেকজন দেড় হাজার টাকা ভাগ করে নিয়ে দুইজনই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, যেদিন হত্যা করা হয় পান দোকানিকে তার তিনদিন আগেও প্রথম দফায় তাকে খুনের চেষ্টা চালায় ওই হত্যাকারীরা। কিন্তু সেদিন ব্যর্থ হয়।

এই হত্যাকাণ্ডে জড়িত আরেকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত