পুলিশ বক্সে বিস্ফোরণ: নব্য জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২০, ১২:২৬ এএম

চট্টগ্রামে প্রায় দুই মাস আগে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল্লাহ (২৪), মো. এমরান (২৫) ও আবু ছালেহ (২৫)। এদের মধ্যে মধ্যে এমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অষ্টম সেমিস্টার এবং আবু ছালেহ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের টেক্সটাইল অনুষদের শিক্ষার্থী।

সোমবার সিএমপি জানায়, রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত বাকলিয়ার ডিসি রোডে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ট্রাফিক পুলিশ বক্সে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এ ঘটনা জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট মোড়ে পুলিশ বক্সটিতে বিস্ফোরণ ঘটে। এতে সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ ৫ জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত